

‘আমরা তো আর রাস্তায় দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলতে পারি না। যারা তথাকথিত মানববন্ধন করছে তারা অনেক কিছুই বলতে পারে, এটা ঠিক না। জাতিসংঘ সনদ অনুযায়ী প্রতিটি মানুষের বাঁচার অধিকার ও আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করা হয়েছে। আমি পুলিশ কিন্তু আগে তো মানুষ। আমারও তো অধিকার আছে, আমার কি বাঁচার অধিকার নেই?’রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে বলে বিএনপির অভিযোগ, এ প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।পুলিশের এ কর্মকর্তা বলেন, যারা রাস্তায় নেমে বলছে পুলিশ মানবাধিকার ক্ষুণ্ন করছে, আসলে তারাই মানবাধিকার লঙ্ঘন করছেন। যে পুলিশ জনগণের পুলিশ, যে পুলিশ জনগণের জান-মাল রক্ষায় নিয়োজিত, তথাকথিত রাজনীতির নামে সে পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি পুলিশ হাসপাতালে ভাঙচুর করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? আমরা কার কাছে বিচার চাইব?



