

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে। জামায়াতসহ আরও বিভিন্ন রাজনৈতিক দলও একই কর্মসূচি পালন করে আসছে। তবে, সড়কে নিয়মিতই যান চলাচলের দেখা মিলছে। তাতে সরকারবিরোধীদের এই কর্মসূচি রাজনীতিতে বেশি প্রভাব ফেলতে না পারলেও পরিবহন মালিক ও শ্রমিকেরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি অনুযায়ী, এ ক্ষতির পরিমাণ ১৭ হাজার কোটি টাকার কম নয়।পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, গত ২৮ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে ৪৮৭টি বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক ক্ষতি হয়েছে ৪৭ কোটি ৯৫ লাখ টাকা। এই সময়ে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় গণপরিবহন ও ট্রাক-কাভার্ডভ্যান কম চলায় পরিবহন খাতে ক্ষতি হয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি।একদফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি। সেদিন আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ঢাকায় সমাবেশ করে। তবে ওইদিন বিএনপির সমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ হয়। এরপর থেকে এখন পর্যন্ত (১০ ডিসেম্বর) সারাদেশে ৪ দিন হরতাল ও ২১ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। জামায়াতও একই কর্মসূচি পালন করে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দালনে থাকা বিভিন্ন দলও হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে।



