

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩ দিনের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন চায় কমিশন। এ বিষয়ে সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করেছে ইসি।বৈঠকের পর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন নিয়ে ইসির সাথে আলোচনা হয়েছে। ইসি চাচ্ছে সেনা মোতায়েন হোক। কীভাবে মোতায়েন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তারা রাষ্ট্রপতিকে জানাবেন। তিনি যদি সিদ্ধান্ত দেন তবে অবশ্যই সেনা মোতায়েন হবে। ইসি যেভাবে সহায়তা চাইবে, আমরা সেভাবেই সহায়তা করবো।তিনি আরও বলেন, ইসি সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাচ্ছে। এ ব্যাপারে আমাদের সন্দেহ নেই। তারা অত্যন্ত সিরিয়াস। আমাদের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন।এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচনে সেনাবাহিনীর সহায়তার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটি পূর্বপ্রস্তুতিমূলক সভা। সেনাবাহিনীর সার্বিক সহায়তার ব্যাপারে একটা পরিকল্পনা চাওয়া হয়।


