

২৪ ঘণ্টায় ৭টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ৬টি বাস ও একটি প্রাইভেট কারে আগুন দেয় দুবৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। আগুনের এসব ঘটনায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি ঘটনায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট যায়। তবে ফায়ার সার্ভিসের কাজ করতে হয়েছে শুধুমাত্র ৪টি অগ্নিকাণ্ডে। বাকিগুলোতে ইউনিট পৌঁছানোর আগে আগুন নেভে যায়।এদিকে, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ ভোর থেকে। তার আগেই দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল এসব যানবাহন।উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে ডাকা সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে অবরোধ-হরতাল কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলও একই কর্মসূচি দিচ্ছে।গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন এবং ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য গাড়ি।



