

আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত।এছাড়া, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (হেডকোয়ার্টার্স) মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে— আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নির্বাচনকালীন ফোর্স মোতায়েন পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সব পুলিশ বা নন-পুলিশ সদস্যরা আগামী ২২ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলে হাজির থাকবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এছাড়া, পুলিশ সদর দফতরের অপারেশন্স শাখা থেকে প্রাক-নির্বাচনি সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত পৃথক আরেক নির্দেশনায় নির্বাচনী অপরাধ দমন, কিংবা তাৎক্ষণিক উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি থানায় কুইক রেসপন্স ফোর্স বা বিশেষ টিম গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।



