

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষ্যে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। ভোটের সময় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রোববার (১৭ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব মো. জাহাংগীর আলম।সাক্ষাতে সেনা মোতায়েনের অনুমোদন দেন রাষ্ট্রপতি। তবে, কবে থেকে সশস্ত্র বাহিনী মোতায়েন হবে তা আলোচনা-সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।ইসির এই কর্মকর্তা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে রাষ্ট্রপতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।ইসি এবারের ভোটে ১৩ দিনের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন চায় বলে জানিয়েছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এ নিয়ে গত ১১ ডিসেম্বর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করে ইসি। ইসি চায়, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকুক।ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কাল প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চব্বিশের ভোটগ্রহণ।



