

বিএনপিকে উদ্দেশ্য করে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, তাদের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব গাজীপুরের ঘটনায় নিন্দা জানিয়েছে। কিন্তু যখনই এমন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তখনই এমন হচ্ছে। তার মানে আপনি (বিএনপি) এটা না দিলেই পারেন। এর মাধ্যমে কি ধারণা পাওয়া যায় না যে, যারা কর্মসূচি দিচ্ছে তারাই সহিংসতা করছে।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রেলভবনের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। আন্দোলনের নামে এই কাজ করা হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ২০১৪ সালেও এমন হয়েছে আর এখনো হচ্ছে। এখানে সম্মিলিত উদ্যোগ নেওয়া উচিত। আগে বাসে আগুন দিত, এখন রেল প্রধান আক্রমণের হাতিয়ার। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো প্রতিটি ফৌজদারি অপরাধ। আমাদের দিক থেকে আমরা নিরাপদ রেল যাত্রার সর্বাত্মক চেষ্টা করছি। যাত্রী হয়ে ট্রেনে উঠে নাশকতা করলে রেলকে নিরাপদ করা সম্ভব নয় বলে এ সময় উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনায় তিনি বলেন, পুরো ঘটনা তদন্ত না করে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।



