ট্রেনে নাশকতায় পুড়লো ৪: 'জড়িতদের নাম পাওয়া গেছে, দ্রুতই গ্রেপ্তার'
হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার, গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।হারুন অর রশীদ জানান, এ ঘটনায় জড়িত অনেকের নাম পাওয়া গেছে, তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করা হবে। ট্রেনে আগুন লাগানো রাজনৈতিক কোনো পার্ট না। এটা এক ধরনের দুর্বৃত্তায়ন। যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে, তারা ছাড় পাবে না। যারা নাশকতা করতে চায়, তাদের নাম-নম্বর আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে সাধরণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।ডিএমপির ডিবি প্রধান বলেন, এক-দুইটা গাড়িতে আগুন লাগালেই কিংবা ককটেল ফাটালেই নির্বাচন বন্ধ হয়ে যাবে তা নয়। আমরা প্রতিটি জায়গায় কাজ করছি, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, চেকপোস্ট রয়েছে ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় পুড়ে মারা যান মা-শিশুসহ চারজন।



