পাকিস্তানিরা যেভাবে নির্যাতন করেছে, বিএনপিও সেভাবে নির্যাতন করেছে: প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কত মানুষকে হত্যা করেছে তার কোনো হিসাব নেই। পাকিস্তানিরা আমাদের মা বোনদের ওপর যেভাবে নির্যাতন করেছে, তারা-ও সেভাবে নির্যাতন করেছে। সেই ফাহিমা, মহিমা, রুমা আত্মহত্যা করে নিজেদের ইজ্জত বাঁচান। যারা নৌকায় ভোট দিয়েছিল তারাই নির্যাতনের শিকার হয়েছে।রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।কেবল নির্যাতন নয়, বিএনপির আমলের দুর্নীতি নিয়েও কথা বলেন সরকারপ্রধান। বললেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি যখন ক্ষমতা তখন বাংলাদেশ ছিল দুর্নীতিগ্রস্ত দেশ। পাঁচ বার দুর্নীতিতে তারা বিশ্বে এক নম্বর ছিল। জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, বোমা হামলা, গ্রেনেড হামলা, আমাদের কত নেতাকর্মীদের হত্যা করেছে তার হিসাব নেই। আমরা বারবার তাদের হাতে আক্রমণের শিকার হয়েছি। তারপরও আমরা কিন্তু দমে যাইনি। বরং এগিয়ে গিয়েছি।আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির সময় জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল। জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে; এই প্রত্যয় নিয়েই সংগ্রাম করছি। আমরা ২১ বছর পরে ক্ষমতায় আসি। জনগণের সেবক হিসেবে যাত্রা শুরু করি। ৯৬ থেকে ২০০১ সাল ছিল ৭৫ এর পরে বাংলাদেশের মানুষের জন্য স্বর্ণযুগ।


