

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ-চীন সম্পর্কে গতি বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে ভোট নিয়ে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করতে গিয়ে এ সময় ইয়াও ওয়েন এমন মন্তব্য করেন। জানান, নতুন সরকারের সাথে দেশটির সম্পর্ক দৃঢ় হবে।চীনা রাষ্ট্রদূত বলেন, দুই দেশের দক্ষ নেতৃত্বে বন্ধুত্বপূর্ণ বন্ধন দীর্ঘ ও চিরকাল অটুট থাকবে। দুই দেশের মধ্যে সহযোগিতার একাধিক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা নিঃসন্দেহে সবচেয়ে নজরকাড়া। চীনের বেল্ট অ্যান্ট রোড ইনিশিয়েটিভের পূর্ণ সুবিধা ঢাকাকে দেয়ার আশ্বাসও দেন তিনি।বাংলাদেশের এগিয়ে চলা অনন্য, যা এশিয়ার অন্য দেশের জন্য অনুপ্রেরণার উদাহরণ বলে উল্লেখ করেন ইয়াও ওয়েন। জানান, বাংলাদেশের এ অগ্রগতিতে বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে থাকতে চায় চীন।



