

ভোটকেন্দ্রে না যেতে লিফলেট বিতরণ করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।আনিছুর রহমান বলেন, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি। সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না।তিনি আরও বলেন, আমাদের কাছে হেভিওয়েট বা লাইট ওয়েট বলে কেউ নেই। যার বিরুদ্ধ অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ শোডাউন করতে পারবে না। উৎসবমুখর ভোট থাকবে।ভোট প্রতিহতকারীদের বিষয়ে কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, মাঠেও একই কথা বলেছি। কেউ ভোটে না-ও আসতে পারেন, ভোট না-ও দিতে পারেন। কিন্তু ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। অন্যকে প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি যে সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড করা হবে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে আমরা বলেছি যথাযথ ব্যবস্থা নেবেন। কাজেই কোনও ব্যত্যয় হবে না।


