

ট্রেনে নাশকতা প্রতিরোধে স্টেশনসহ বিভিন্ন কৌশলগত স্থানে আইপি ক্যামেরা বসানোর কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে এ কাজ, এ কথা জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।রোববার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাবি করে আইজিপি বলেন, তারপরও নাশকতামূলক দুয়েকটি ঘটনা ঘটছে। তবে সাধারণ মানুষ নাশকতাকারীদের ধরে আমাদের হাতে দিচ্ছে। মানুষ আমাদের সহায়তা করছে।চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, দুষ্কৃতকারী ও নাশকতাকারীরা বিভিন্ন কর্মসূচির নামে নির্বাচনবিরোধী কার্যক্রম প্রকাশ্যে করতে পারছে না। কারণ তাদের কর্মসূচিতে জনসমর্থন নেই।তিনি জানান, সাধারণ মানুষের সমর্থন নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গোয়েন্দা সংস্থাসহ সব সংস্থা একসঙ্গে কাজ করছে।


