

হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ নির্দেশ দেয়া হয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ অবস্থায় উল্লিখিত জেলা প্রশাসককে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।এছাড়া, তিন পুলিশ কর্মকর্তাকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। তারা হলেন চাঁদপুরের মতলব উত্তর ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক।



