

‘আমি সিআইডির ওসি রবিউল বলছি, আপনার নাম কি মোস্তাফিজ? আগামীকাল দুপুরের মধ্যে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে এসে দেখা করবেন’— ফোন করে গত অক্টোবরে এভাবে ডাকা হয়েছিল রাজধানীর ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে।পরদিন ঢাকার ভাটারা এলাকার বাসা থেকে সিআইডি পরিচয়ে তাকে ধরে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। পূর্বাচলের একটি এলাকায় আটকে নির্যাতন করে তার কাছ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।পরে এ ঘটনায় মামলা দায়ের করেন মোস্তাফিজুর। আর সেই মামলা তদন্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সিআইডির এসআই রেজাউল করিম (৩৯) ও কনস্টেবল আবু সাঈদ (৩২) এই অপহরণকারী চক্রের নেতৃত্ব দিতেন।সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ তথ্য জানান।ডিএমপির ডিবি প্রধান জানান, সিআইডি পরিচয় দিয়ে ফোন করে টাকা-পয়সা আদায় করতো চক্রটি। তাদের দুই সদস্যকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়। পরে তদন্তকারীরা জানতে পারেন, এই চক্রে পুলিশেরও দুই সদস্য জড়িত। পরে সিসি ক্যামেরার ফুটেজ, কল লিস্ট ও লোকেশন ট্র্যাকিং করে তাদেরকে গ্রেফতার করা হয়।এই চক্রের গ্রেপ্তার অপর তিন সদস্য হলেন আবদুল্লাহ আল ফাহিম (২১), মো. শরীফ হোসেন (২৬) ও মো. ইমন সরদার (২১)।


