

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগের রাতে ভোট— যেসব কথা হয়েছে, তা ৯৯ নয়, ১০০ শতাংশ নিশ্চিত করতে পারি, সেটি কোনো অবস্থাতেই হবে না। এজন্য অনেক ক্ষেত্রেই ব্যালট পেপার সকালে যাবে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।কাজী হাবিবুল আউয়াল জানান, অধিকতর আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালেট পেপার পাঠানো হবে। পোলিং এজেন্টরা সেখানে দাঁড়িয়ে থেকে দেখে নেবেন, বাক্স খালি আছে কি না। ভোট শেষ না হওয়া পর্যন্ত (কাউন্টিং ও ডিক্লারেশন) তারা ওখানে উপস্থিত থেকে দেখবেন গণনা সঠিকভাবে হয়েছে কি না।ভোট চলাকালে কোনো পেশিশক্তির উদ্ভব ঘটলে তা তাৎক্ষণিকভাবে ইসিকে অবহিত করা হলে কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হবে বলে জানান সিইসি।


