

দ্বাদশ সংসদ নির্বাচনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে ২৭ শতাংশ কোটি টাকার সম্পদের মালিক। আর ১৮ জন প্রার্থী শত কোটি টাকার বেশি সম্পদের মালিক। ইসিতে দেয়া তাদের হলফনামায় এ তথ্য দেয়া হয়েছে।প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, হলফনামা অনুযায়ী বছরে কোটি টাকা আয় করেন, এমন প্রার্থীর সংখ্যা ১৬৪ জন। তবে নির্বাচন কমিশনে দেওয়া প্রার্থীদের হলফনামায় প্রদর্শিত সম্পদ কোনো উপায়ে অর্জিত, তা যাচাই করা হয় না।হলফনামা অনুযায়ী, সর্বোচ্চ ১ হাজার ৩৪৫ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন একজন প্রার্থী। সম্পদের হিসাবে এটাই সর্বোচ্চ বলে জানায় টিআইবি।টিআইবি জানায়, বর্তমান সংসদে ৬২ শতাংশ ব্যবসায়ী রয়েছেন। আগের তিনটি এবং এবারের নির্বাচন মিলিয়ে সংসদ নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণ বেড়েছে ৫৭ শতাংশ। আর গত ১৫ বছরে নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণ বেড়েছে ২১ শতাংশ।



