

দ্বাদশ সংসদ নির্বাচনে একটাও জাল ভোট পড়বে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। বলেছেন, যদি একটা জাল ভোটও হয় প্রিসাইডিং অফিসারের চাকরি থাকবে না। এখন ছবিযুক্ত ভোটার তালিকা আছে। নির্বাচনী কর্মকর্তারা ছবি চেক করে তারপর ভোট দিতে দেবেন। যাতে কেউ বলতে না পারে আমার ভোট দেওয়া হয়ে গেছে।বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।এ সময় সাংবাদিকদের সহযোগিতা চান আহসান হাবিব খান। বলেন, আপনারা যারা আছেন তারা কেন্দ্রের সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর আপনারা কেন্দ্র ভাগ করে নেবেন। ভোট দিয়ে আসার পর জিজ্ঞাসা করবেন, মা কেমন ভোট হলো? মা এসে বলবে, বাবা এত সুন্দর ভোট কখনো দেখি নাই। এটা যদি বলে তাহলে ১০০ তে ১০০ প্রচার করেন। আবার যদি বলে, বাবা আমার ভোট কে যেন দিয়ে গেছে, আর ভেতরে কে যেন সিল মারছে শুধু। তখনও আপনারা প্রচার করেন। যেই হোক, যার ফেভারে হোক সেটা প্রচার করেন। সেই সৎ সাহস দরকার। আপনাদের এই সহযোগিতা দরকার। এ পর্যন্ত আপনারা সহায়তা করেছেন, সাহায্য দিয়েছেন।



