

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা আশা করছি সুষ্ঠু নির্বাচন হবে। কোনো পার্টিকুলার (নির্দিষ্ট) দেশ যদি মনে করে... তারপরও যদি নিষেধাজ্ঞার ইস্যু আসে.. তখন আমরা সেটা তুলবো। এটার জন্য এখনই আমরা অস্থির হয়ে যাওয়া বা প্যানিক (ভীতি) সৃষ্টির কোনো কারণ দেখছি না।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন-পরবর্তী নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।মাসুদ বিন মোমেন বলেন, আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির কথা। প্রধানমন্ত্রী নিজে বলেছেন। নির্বাচন কমিশন সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমরাও আশা করছি, একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেজন্য আমরা সবাই কাজ করছি।নির্বাচনের সময় যদি কোনো সমস্যা হয়, সেটা তখন দেখবেন উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, আমরা এই মুহূর্তে মনে করছি না, নির্বাচন সুষ্ঠু হবে না। যদি ওরকম পরিস্থিতি (নির্বাচন যদি সুষ্ঠু না হয়) আসে তখন আমরা নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করব। আগে থেকে আমরা কেন চিন্তা করব?তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ কাউকে তার ভূমি অন্যের স্বার্থে ব্যবহার করতে বা প্রতিবেশীদের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। এ অঞ্চলে যেকোনো ধরনের সংঘাত বা যুদ্ধ বাংলাদেশকে তার উন্নয়নের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারে।


