

৭ জানুয়ারি ৩০০ আসনে ভোট হচ্ছে না। নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনের এক স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২-এ ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ঈগল মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫)। তাই নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচন স্থগিত করলো ইসি। ফলে এ আসনে নতুন করে তফসিল ঘোষণা হবে।উল্লেখ্য, এবারের ভোটে দাঁড়াতে নৌকা চেয়েছিলেন আমিনুল হক। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। কিন্তু নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রে বিভিন্ন অসংগতি তুলে ধরে প্রার্থিতা বাতিল করেন।পরবর্তীকালে আমিনুল হক প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে গত বুধবার হাইকোর্ট আমিনুল হকের প্রার্থিতা বৈধ বলে রায় দেন। এরপর বুধবার তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেয়া হয়।


