

দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) তাদেরকে মোতায়েন করা হয়।বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে In Aid to the Civil Power-এর আওতায় অদ্য ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বশস্ত্র বাহিনীও মাঠে নামবে ৩ জানুয়ারি। স্বশস্ত্র বাহিনীর সদস্যরা ৮ দিন নির্বাচনের মাঠে থাকবেন।


