

বছরের শেষ দিনে এসে চালু হলো মেট্রোরেলের আরও দুইটি স্টেশন। এর মধ্য দিয়ে সবকটি স্টেশনই চালু হলো। আর পূর্ণতা পেলো মেট্রোরেলও। আজ রোববার (৩১ ডিসেম্বর) চালু হওয়া মেট্রোরেলের স্টেশন দুইটি হলো কারওয়ান বাজার ও শাহবাগ।ঢাকা মাস র্যাপিড ট্রানজিট প্রজেক্টের (লাইন-৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এখন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশনে মেট্রো ট্রেন থামবে। তবে এখনই সময়সূচির কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে গত ১৩ ডিসেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়।উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মোট ১৬টি স্টেশন রয়েছে। এর মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রো ট্রেন।আগামী তিন মাসের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পুরো অংশে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।



