

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই। তবে গুপ্তহত্যা রোধে গোয়েন্দা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রোববার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ৭ জানুয়ারি ভোটের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কি না? জবাবে তিনি বলেন, বিএনপি সবসময় নাশকতা করে আসছে। নাশকতা দিয়েই তাদের জন্ম। কাজেই তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ থাকার পাশাপাশি গোয়েন্দা বাহিনীও কাজ করছে।গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আগাম সতর্কতা নেই উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, আমাদের গোয়েন্দা বাহিনী যেসব তথ্য দিচ্ছেন, সেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর আসেনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সারাদেশে নির্বাচনমুখী উৎসবের আমেজ। কাজেই একটা সুন্দর নির্বাচন হবে, এটাই আমরা আশা করি।


