

শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ রায় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বলেন, সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই রায় দিয়েছেন আদালত।এ সময় পররাষ্ট্র সচিব জানান, অনেক চ্যালেঞ্জ আছে। তবে তা মোকাবেলা করে ওভারকাম করা যাবে। আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে অভ্যন্তরীণ ইস্যুগুলো সমন্বয় করতে পারলে চ্যালেঞ্জগুলো কাটানো যাবে।মাসুদ বিন মোমেন বলেন, নতুন সরকার আসার পরে সামষ্টিক অর্থনীতির যে বিষয়গুলো আছে, স্থিতিশীলতার যে ইস্যুগুলো আছে যেমন মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মুদ্রা বিনিময় হার এ ধরনের নানা ধরনের জল্পনা-কল্পনা রয়েছে। এসব বিষয়ে নতুন সরকার আসার পর যিনি অর্থমন্ত্রী হবেন তিনি গভীরভাবে সেগুলো দেখবেন।



