

দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) নিশ্চিত করে, আজ বুধবার থেকে মাঠে নামবে সশস্ত্র বাহিনী।আইএসপিআর জানায়, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’র আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে।শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে এবারের ভোটে ৮ দিন মাঠে থাকবে স্বশস্ত্র বাহিনী। ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে সারাদেশে ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তারা নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।সশস্ত্র বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্য সুবিধাজনক স্থানসমূহে অবস্থান করবেন।



