

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।আহতদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনে ট্রেনটির পাঁচটি বগি পুড়ে ছাই হয়েছে। বগির ভেতরে এখনো উদ্ধার কাজ চালানো হচ্ছে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম নাতাশা জেসমিন (২৫)। এই ঘটনায় তার স্বামী আসিফ মো. খান দগ্ধ হয়েছেন। পথচারীরা তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। তাদের বাড়ি পুরান ঢাকার গেন্ডারিয়ায়। ফরিদপুরের ভাঙ্গা থেকে তারা ট্রেনে উঠেছিলেন।শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপীবাগ এলাকায় চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থাটির ৭টি ইউনিট ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমাঞ্চল থেকে কমলাপুর রেল স্টেশনে আসছিল। স্টেশনে প্রবেশের আগে গোপীবাগে ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর ট্রেনের একটি বগিতে প্রথম আগুন জ্বলতে দেখা যায়। এরপর একে একে ৫টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে।


