

দ্বাদশ সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের সম্পূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। সেই রেজাল্টের ভিত্তিতে এখন বলতে পারি, মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ।সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাপানের রাষ্ট্রদূত ও জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।ভোটের দিন দুপুর ৩টায় ২৭ শতাংশ ভোট পড়ে বলে ইসি সচিব জানিয়েছিলেন, এর পর সাড়ে ৫টায় সেটা ৪০ শতাংশ বলে জানানো হয়- এটা কীভাবে হলো, এমন প্রশ্নে সিইসি বলেন, ‘টোটাল ২৯৮টি আসনের রেজাল্ট যখন আসা শুরু করলো, তখন ওটা যোগ করলে একটা যোগফল বের হয়, এটা কোনো কঠিন কাজ নয়। এই যোগফল একটা এক্সেলে ফেলে দিলে একটা পারসেন্টেন্স বের হয়ে আসে।’এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যখন ২টার সময় বলি, তখন এটা পুরোপুরি পার্সেন্টেজ না, আবার যখন ৪টায় সময় বলি তখনও এটা পুরোপুরি পার্সেন্টেজ না। এটা কোনভাবেই সঠিক হওয়ার কথা না। তবে এখন সব রেজাল্ট আমাদের হাতে চলে আসছে। সেই রেজাল্টের ভিত্তিতে এখন বলতে পারি মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ।এ নিয়ে কারও প্রশ্ন থাকলে চ্যালেঞ্জ করতে পারবেন বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল গড়ে ৮০ শতাংশের মতো। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তখনকার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা কমিশনের অধীনে ওই ভোট হয়।



