নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা
হেড অফ ডিজিটাল মিডিয়া


বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। দেশটির যে কয়েকজন নাগরিক ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় এসেছেন, তাদেরকে সরকারিভাবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে পাঠায়নি তিনটি দেশই।সোমবার (৮ জানুয়ারি) ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিশনের মুখপাত্র এবং কানাডা হাইকমিশন এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ কথা জানায়।রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আমন্ত্রিত পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকেরা। পরে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তারা।মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য জিম বেটস, যুক্তরাষ্ট্রের আরেক পর্যবেক্ষক এবং আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী আলেক্সান্ডার গ্রে, কানাডার পার্লামেন্ট সদস্য চন্দ্রকান্ত আর্য ও সিনেটর ভিক্টর ওহ ওই সংবাদ সম্মেলনে অংশ নেন।এ সময় নির্বাচনের পর্যবেক্ষণ তুলে ধরে জিম বেটস বলেন, ‘আমি যেটি দেখেছি সেটি হচ্ছে- নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে।’ এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস, যুক্তরাজ্য হাইকমিশন ও ঢাকার কানাডা হাইকমিশন একই রকম মত দিয়েছেন। তারা বলছেন, যারা বাংলাদেশে এসেছেন তারা স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাদের সঙ্গে তিন দেশেরই সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।



