

দ্বাদশ সংসদের নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হলেন তিনি। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন পঞ্চমবার।দেশের ইতিহাসে পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড আর কারও নেই। শেখ হাসিনার পরের অবস্থানে থাকা খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তিন মেয়াদে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন দশ বছর। আর শেখ হাসিনা পূর্ববর্তী চার সংসদেই পূর্ণ ৫ বছর করে দায়িত্ব পালন করেন।বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও উপনেতা করা হয়েছে।এদিকে সংশোধিত দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। শামসুল হক টুকুকে আবারও ডেপুটি স্পিকার নির্বাচিত করার সিদ্ধান্ত হয়।এছাড়া বর্তমান হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।


