পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন মুখ, ২২ বছর পর প্রতিমন্ত্রী পেলো খাগড়াছড়ি
হেড অফ ডিজিটাল মিডিয়া


দ্বাদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে। আর তাতে ২২ বছর পর খাগড়াছড়ি পেলো কোনো প্রতিমন্ত্রী।পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়। তখন খাগড়াছড়ির তৎকালীন সংসদ সদস্য প্রয়াত কল্পরঞ্জন চাকমাকে মন্ত্রী করা হয়। এরপর রাঙামাটি থেকে দীপঙ্কর তালুকদার এবং বান্দরবানের বীর বাহাদুর উ শৈ সিং এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান।গত মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করেন বীর বাহাদুর। এবারের মন্ত্রিসভায় তিনি স্থান পাননি। তার জায়গায় কুজেন্দ্রলাল ত্রিপুরা আসীন হওয়ার দ্বাদশ সংসদে প্রতিমন্ত্রী পেলো খাগড়াছড়ি। তিন পার্বত্য জেলার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি কাজ করবেন বলে প্রত্যাশা নাগরিক সমাজের।এদিকে, প্রায় ২২ বছর পর প্রতিমন্ত্রী পেয়ে খুশি খাগড়াছড়ির সবশ্রেণির মানুষ। পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় স্থাপন, দুর্গম এলাকার উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসনে নতুন প্রতিমন্ত্রী আন্তরিক হবেন বলে প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধিদের।উল্লেখ্য, ২০১৪ সাল থেকে টানা তিনবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুজেন্দ্রলাল ত্রিপুরা।



