কক্সবাজার থেকে ১৩তম ধাপে ১৯৯৭ জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে নোয়াখালীর ভাসানচরে। বুধবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে নৌবাহিনীর ছয়টি জাহাজ চট্টগ্রামের বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা করে।

সংশ্লিষ্টরা জানান, যারা স্বেচ্ছায় যেতে ইচ্ছা প্রকাশ করেছেন শুধু তাদেরকেই ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। উন্নত জীবনের আশায় সেখানে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা ।

মঙ্গলবার কক্সবাজার থেকে তাদের চট্রগ্রামের বিএএফ শাহীন কলেজ মাঠে নিয়ে আসা হয়। সেখান থেকে সকালেই তাদেরকে তোলা হয় জাহাজে । স্থানান্তরের সময় দুজন রোহিঙ্গা অসুস্থ হয়ে যাওয়ায় তাদেরকে নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয় ।

citytouch 728-X-90

এর আগে নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ২৫ হাজার ৫৮৪ রোহিঙ্গা।

২০২০ সালের ৪ ডিসেম্বর রোহিঙ্গা পুনর্বাসন প্রকল্পের প্রথম দফায় ১৬২৪, পরবর্তীতে ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪, ২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

এরপর চতুর্থ দফায় ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ৩ হাজার ১৮, ৩ ও ৪ মার্চ পঞ্চম দফায় ৪ হাজার ২১, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২, সপ্তম দফায় ২৫ নভেম্বর ৩৭৯, অষ্টম দফায় ১৮ ডিসেম্বর ৫৫২, নবম দফায় ৬ জানুয়ারি ৭০৫, দশম দফায় ৩১ জানুয়ারি এক হাজার ২৮৭, একাদশ দফায় এক হাজার ৬৫৫ ও দ্বাদশ দফায় ২ হাজার ৯৮২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

এছাড়া ২০২১ এর মে মাসে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচরে রাখা হয় ।