

বনশ্রীতে ট্রাক্কের ধাক্কায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ড্রাইভারের মৃত্যুর ঘটনার ঠিক ২৪ ঘন্টারও কম সময়ে আবারও রাজধানীতে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল আরেকটি প্রাণ।
পল্টন থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশের তথ্যমতে, নিহতের নাম আবদুল মান্নান। তার বয়স ২০ বছর। পেশায় ছিলেন একজন মুরগি ব্যবসায়ী।
বুধবার ভোরে মান্নান কাপ্তান বাজার থেকে মুরগি কিনে ভ্যানে করে যাচ্ছিলেন। পল্টনে ভ্যান নিয়ে পৌঁছানোর পর, বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে মান্নান ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মান্নান খিলগাঁও তিলপাপাড়ার বাসিন্দা ছিলেন। তাঁর গ্রামের নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মধ্য ওমরনগর গ্রামে। তাঁর বাবার নাম মো. মোস্তফা।



