

ঢাকায় ডায়রিয়ার ভয়াবহ প্রকোপের মধ্যেই এবার নারায়ণগঞ্জেও ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে থাকায় জেলায় চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৬১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বেড সংকটের কারণে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) ডায়রিয়া বিভাগের বাইরে চেয়ারে বসে স্যালাইন নিচ্ছেন রোগীরা ।
ডায়রিয়া বিভাগের সিনিয়র স্টাফ নার্স পারুল বেগম জানান , প্রতিদিন প্রতি ঘন্টায় ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের চাপে দম ফেলার সময় পাচ্ছি না। স্যালাইন ও ওষুধসহ প্রথমিক চিকিৎসা দেওয়া হলে অধিকাংশ রোগীর অবস্থার উন্নতি হচ্ছে। তবে অবস্থা খুব বেশি সিরিয়াস হলে সেসব রোগীদের আমরা মহাখালী হাসপাতালে রেফার্ড করে দিচ্ছি।
বেড সীমিত থাকার বিষয়ে পারুল বেগম বলেন, আমাদের এখানে ১০টি শয্যা রয়েছে। তবে এটা যথেষ্ট না। এক বেডে একাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বেডের পাশে থাকা বড় টেবিলেও সেবা দেওয়া হচ্ছে। রোগীর চাপ বেড়ে গেলে বাইরে বেডের ব্যবস্থা করা হয়। কিছুদিন আগে বেড সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. এস কে ফরহাদ জানান, সম্প্রতি কয়েক দিন যাবত ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। শুধু বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৮৪ জন । বুধবার ভর্তি হয়েছেন ১৯৭ জন, মঙ্গলবার ১৬৫ ও সোমবার ১৬৮ জন । মোট ভর্তি হয়েছেন ৬১৪ জন । রোগীদের মধ্যে বেশিরভাগ চিকিৎসা পেয়ে বাড়ি ফিরে গেছেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, গোদনাইল ও চৌধুরীবাড়ি এলাকা থেকে সবচেয়ে বেশি রোগী এসেছে।
ডা. ফরহাদ জানান, এখানে ওয়াসার পানি নিরাপদ নয়। আরেকটি প্রধান কারণ পানির লেয়ার অনেক নিচে চলে গেছে। সবাইকে ফুটিয়ে পানি পান করার পরামর্শ দেন তিনি ।



