

বাংলাদেশে ন্যায়বিচার বন্ধ করতে বারবার ষড়যন্ত্র করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিয়াউর রহমান খুনিদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিল, খালেদা জিয়াও সে পথ ধরেই হেঁটেছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সে চলা এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পর কয়েক দফা সেনাশাসন আসার বিষয়কে উচ্চ আদালত অবৈধ রায় দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করেছে। অনেক বাধা পেরিয়ে বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন করেছে সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।
জানা গেছে, সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের এই নতুন ভবন নির্মাণে বরাদ্দ দেওয়া হয় মোট ১৫৮ কোটি চার লাখ ২২ হাজার টাকা।
এতে রয়েছে- আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিচারপতিদের জন্য ৫৬টি চেম্বার, ৩২টি এজলাস কক্ষ (কোর্ট রুম), আলাদা দুটি লিফটসহ আধুনিক জেনারেটর ও দোতলা বিদ্যুতের সাবস্টেশন।
এছাড়া এই ভবনে ৩২টি ডিভিশন বেঞ্চ ও বিচারপতিদের চেম্বার ছাড়াও ২০টি অফিসকক্ষ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের দাপ্তরিক কক্ষ স্থাপন করা হবে।



