

বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন মিলগুলো গত অর্থবছরে ব্যয় করেছে ৩ হাজার ৬৫২ কোটি ৯৪ কোটি টাকা।
সেখানে মিলগুলো আয় করেছে মাত্র ৪৮৪ কোটি ৪৮ লাখ টাকা। লোকসান হয়েছে ৩ হাজার ১৬৮ কোটি ৪৬ লাখ টাকা ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের উত্তরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানান।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, বিটিএমসির ২৫টি পাটকলের মধ্যে বন্ধ রয়েছে ২৪টি এবং ভাড়ায় চলছে একটি। বন্ধ মিলগুলোর মধ্যে দুটিতে টেক্সটাইল পল্লী স্থাপন এবং দুটি পিপিপিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, দেশে বর্তমানে ৫৮৯টি তাঁত ফ্যাক্টরি ও ইউনিট রয়েছে এক লাখ ১৬ হাজার ১১৭টি । পাওয়ার লুম ব্যাতিত দেশের তাঁত শিল্পে বছরে প্রায় ৪৭ কোটি ৪৭ লাখ ৪০ হাজার মিটার তাঁতবস্ত্র উৎপাদিত হয়। যা দেশের ২৮ শতাংশ বস্ত্র চাহিদা পূরণ করে। দেশে বর্তমানে তাঁত সংখ্যা দুই লাখ ৯০ হাজার ২৮২টি।
বর্তমান অর্থবছরের ৮ মাসে ৫.০৩ লাখ টন কাঁচাপাট রপ্তানি হয়েছে। এছাড়া গত ২০২০-২১ অর্থবছরে ৫.৮৬ লাখ টন কাঁচাপাট ও ৭.৮২ লাখ টন পাটজাত পণ্য রপ্তানি হয়েছে বলেও জানান মন্ত্রী।


