

বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করার অপরাধে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়-১ এ উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, এস কে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহা অসৎ উদ্দেশ্যে বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। সেসব অপরাধলব্ধ অর্থ নিজেদের ভোগ দখলে রেখে তার অবৈধ প্রকৃতি,উৎস,অবস্থান গোপন করে বা এর ছদ্মাবরণে পাচার করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এরই মধ্যে ঋণ জালিয়াতি ও অর্থপাচারের দুই মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে চার ও সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ঋণ জালিয়াতির মামলায় চার বছর ও অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড হয়েছে তার।
এছাড়া ২০২১ সালের ৭ অক্টোবর ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস কে সিনহার বিরুদ্ধে আরও একটি মামলার তদন্ত চলমান রয়েছে। মামলায় তার বিরুদ্ধে ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ বেনামে অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।



