

করোনাভাইরাস প্রতিরোধে চলমান টিকার কর্মসূচি রমজান মাসেও স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাস থেকে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে রমজান মাসেও স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি চলবে। টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।
২৮ মার্চ থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয় , যা শেষ হওয়ার কথা ছিল ৩১ মার্চ । ক্যাম্পেইনটি আরও তিন দিন বাড়ানো হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালিক বলেন, ২৬ ফেব্রুয়ারি যাদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলমান থাকবে আরও তিন দিন। মোট ৮০ শতাংশ টিকা দেওয়ার লক্ষ্যে টিকার এই বিশেষ ক্যাম্পেইন আরও তিন দিন চালাব। স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করা হবে। প্রত্যেকটি হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় আনারও কথা বলেন তিনি ।



