

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদের ভেতর থেকে এক মসজিদের ইমামের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ইমাম মো. ফেরদৌস ইসলাম (৩০) এর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে। বৃহস্পতিবার (৩১ মার্চ) উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে রাত সাড়ে দশটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমাম বরিশাল জেলার মুলাদি উপজেলার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। প্রায় দেড় মাস আগে থেকে মসজিদটিতে ইমাম হিসেবে যোগদান করে ইমামতি করে আসছিলেন তিনি।
স্থানীয়রা জানান, মসজিদের পাশের কক্ষে থাকতেন তিনি।
এ বিষয়ে ইউপি সদস্য রেজাউল করিম বলেন,’ ইমাম সাহেব এশার নামাজ পড়িয়েছেন। কিন্তু নামাজ শেষ করে রুমে গিয়ে কখন এ ঘটনা ঘটান জানি না। সাড়ে নয়টার দিকে স্থানীয়রা তার রুমের জানালা দিয়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে তার টেবিলে একটি চিরকুট পাই এবং তা পুলিশের কাছে হস্তান্তর করি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি বাকিটুকু ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।’



