

স্বাধীন পরিবহনের ধাক্কায় রাজধানীর হাজারীবাগ থানার বসিলা ব্রিজের পাশে দেলোয়ার হোসেন পাটোয়ারী (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) মধ্য রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়,দেলোয়ারের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত ইয়াসিন পাটোয়ারীর ছেলে। নিহত দেলোয়ারের ভাই হাজারীবাগ থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহান-ই-আলম জানান, রাতে দেলোয়ার হোসেন বাইসাইকেলে করে বসিলার দিকে যাচ্ছিলেন। এ সময় স্বাধীন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৮২১) তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আমরা ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি।
তিনি আরোও জানান, নিহতের মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।



