

নিজস্ব প্রতিবেদক:জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে মেলান্দহের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট সিরাজুল জানান ,‘জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মেলান্দহ পৌরসভার তপু এন্টারপ্রাইজ ও জননী তেল ভাণ্ডারে অভিযান চালানো হয়। তপু এন্টারপ্রাইজের গুদামে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে তেল বিক্রির কোনও রশিদ দোকানির কাছে ছিল না। এসব অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জননী তেল ভান্ডারের গুদামে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে তেল বিক্রির কোন রশিদ এই দোকানির কাছেও ছিল না। এসব অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।



