

নিজস্ব প্রতিবেদকঃসুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তের বড়ছড়া এলাকায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে সীমান্তের ভাঙ্গারঘাট কোয়ারি জিরো পয়েন্ট এলাকায় তাকে আহত অবস্থায় ফেলে রেখে যায় কয়েকজন ভারতীয় যুবক। পরে হাসপাতালে নেওয়ার আগে তিনি মারা যান। নিহত জনিক মিয়া শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিল্লু মিয়ার ছেলে।
এদিকে ভারতে অনুপ্রবেশের দায়ে ৩৩ বাংলাদেশিকে আটকের দাবি করেছে বিএসএফ। খুলনা ও সাতক্ষীরা থেকে সুন্দরবনের রায়মঙ্গল নদীপথ হয়ে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের থানায় হস্তান্তর করে বিএসএফ। পরে, আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
বিএসএফ আরও জানায়, আটক বাংলাদেশিরা দালালের মাধ্যমে কাজের খোঁজে ভারত যাচ্ছিল। এদের মধ্যে ১৬ জন নারী ও ৯ জন পুরুষ। এছাড়া আট শিশুও রয়েছে। এর আগে শনিবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১৭ বাংলাদেশিকে আটক করা হয়।



