

পবিত্র মাহে রমজান উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এ মেলার আয়োজক। গতকাল শনিবার রাত ৮টায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মেলার উদ্বোধন করেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ওমুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বইয়ে ৩৫ শতাংশ এবং বিশেষ কিছু বই ৫০ থেকে ৭০ শতাংশ কমিশনে বিক্রি হচ্ছে।
এ সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



