

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক। মাহে রমজান উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় পবিত্র এ মাস। আত্মশুদ্ধি,সংযম ও ক্ষমা লাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র মুসলিম উম্মাহ মাসটি পালন করে থাকে।
তিনি আরও বলেন, ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে মাহে রমজান। রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এ প্রত্যাশা করি।
রাষ্ট্রপতি আরোও উল্লেখ করেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে। ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে তিনি যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি এ সময় আহ্বান জানান।



