

মালির সাহেল রাজ্যের মৌরা এলাকায় দেশটির সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে ২০৩ জন নিহত হয়েছেন। গত ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে। শুক্রবার মালির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা আল জাজিরার এ তথ্য নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর বিবৃতি বলা অনুযায়ী, ৫১ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।
সম্প্রতি নিরাপত্তা পরিষদে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, ‘মালিতে সন্ত্রাস দমনের জন্য যেসব চেষ্টা চালানো হচ্ছে, তা বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
গতকালের বিবৃতিতে মালির সেনাবাহিনী দাবি করেছে, তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি বজায় রেখেই কার্যক্রম চালাচ্ছে।
মালিতে ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস। ২০১২ সালে দেশটির বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ে। তখন থেকে এ পর্যন্ত জঙ্গি হামলায় হাজারো সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ এ পরিস্থিতিতে বিভিন্ন নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধেও।


