

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রতিবারের মত এবারও মঙ্গল শোভাযাত্রা বের হবে, তবে এবার শোভাযাত্রার পথ থাকবে ভিন্ন।
মেট্রোরেলের নির্মাণকাজ চলমান থাকায় পথ সরু হয়ে যাওয়ার কারনে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপ থেকে বের হবে এই শোভাযাত্রা।
রোববার (৩ এপ্রিল) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, এবার মঙ্গল শোভাযাত্রা টিএসসির সড়কদ্বীপ থেকে বের হয়ে স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হবে।
এ সময় করোনা পরিস্থিতির কারণে এবং মেট্রোরেলের নির্মাণ কার্যক্রম চলমান থাকায় শোভাযাত্রায় জনসমাগম সীমিত রাখতে সবার প্রতি অনুরোধ জানানো হয়।
সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকতেও সভায় নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া ঢাবির ভেতরে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। ৫টার পর কেউ কোনোভাবে ঢাবি এলাকায় প্রবেশ করতে পারবে না।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভপতিত্বে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানরা, ইনস্টিটিউটের পরিচালকরা, সিনেট-সিন্ডিকেট সদস্য, প্রক্টর, অফিস প্রধানরা এবং বিভিন্ন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


