

কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষককে হেনস্থার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সকালে তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার ওই পুলিশ সদস্য কে চিহ্নিত করে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার সাথে জড়িত হিসেবে কনস্টেবলের নাজমুল তারেক নামে একজন কে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডিতে পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগ করা হয় ।
শনিবার ওই খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। হেনস্থাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার সংসদে দাবি জানান সংসদ সদস্য, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।


