

সড়কে প্রতিদিনই একের পর এক প্রাণ ঝড়ছে। সবশেষ গত শুক্রবার রাজধানীর খিলক্ষেত উড়াল সড়কে গাড়ির ধাক্কায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিমের মৃত্যু সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। দেশে সড়ক দুর্ঘটনার চিত্র কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান থেকে।
সংস্থাটি তাদের পরিসংখ্যানে জানিয়েছে, গত মার্চ মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮৯ জন আর আহত হয়েছেন ৬৪৭ জন।
সোমবার (৪ মার্চ) সকালে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দেশের ৭টি জাতীয় দৈনিক, ৫টি নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এই সংস্থা।
প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন জানায়, মার্চ মাসে সারাদেশে ঘটে যাওয়া ৪৫৮টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১৭৬টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় মারা গেছেন ২২১ জন।
সংস্থাটি আরও জানায়, মার্চ মাসে পাঁচটি নৌ-দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯ জনের। আর ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং আহত হয়েছেন ৮ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, সড়ক দুর্ঘটনায় গত মার্চ মাসে প্রতিদিন গড়ে ১৯ জন নিহত হয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছিল ১৬ দশমিক ৭৫ জন। এ হিসাবে ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে প্রাণহানি বেড়েছে ১৩ দশমিক ৪৩ শতাংশ।
এসব দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৪৬৩ জন।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।
সড়ক দুর্ঘটনা রোধে ১০ দফা সুপারিশও জানিয়েছে ফাউন্ডেশনটি।
সুপারিশগুলো হচ্ছে- দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করা; চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করা; বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি করা; পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্বরাস্তা (সার্ভিস লেন) তৈরি করা; পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করা; গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করা; রেল ও নৌ-পথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়ক পথের ওপর চাপ কমানো; টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাধাহীনভাবে বাস্তবায়ন করা।



