

১০টি ককটেলসহ সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারিসহ শীর্ষ ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার (৩ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ শহরের সয়া ধানগড়া মধ্যপাড়া মহল্লায় দারুল ইসলামী একাডেমিতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: জেলা জামায়াতের আমির মো. শাহীনূর আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারি জেনারেল আলহাজ উদ্দিন, অফিস সম্পাদক আজিজুল হক, সাবেক সভাপতি ইমরান হোসেন, শিবির নেতা রেজায়ানুল্লাহ সোয়েব, মনিরুল ইসলাম, আলামিন হোসেন, শরীফুল ইসলাম, আইয়ুব আলী, আবু বকর খান, আব্দুস সালাম, মনিরুল ইসলাম সরকার, জাকারিয়া ও রবিউল ইসলাম।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন সাহা জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দারুল ইসলামী একাডেমিতে এসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এমন খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


