

আদম ব্যবসায়ী কর্তৃক বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসার মাধ্যমে গ্রহনকৃত অর্থ আত্মসাৎ চক্রের সদস্য আল-মামুন(৪৮) কে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার (৩মার্চ) রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার, ১২২ আলী মোল্লা ম্যানশনের ট্রাভেলস এজেন্সীর অফিসে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
অভিযুক্ত আসামী আল-মামুন দীর্ঘদিন থেকে ট্রাভেলস এজেন্সী খুলে চাকুরী দিয়ে বিদেশে লোক পাঠানোর জন্য বিভিন্ন মাধ্যমে চটকদারী বিজ্ঞাপন প্রকাশ করে আসছিলো। বিজ্ঞাপন দেখে বিভিন্ন এলাকা থেকে বিদেশ যেতে ইচ্ছুক লোকজন তাদের এজেন্সীতে টাকা জমা দেয়। প্রতারক পরবর্তীতে তাদের বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
আল-মামুনের আরেক সহযোগী শহিদুল আলম পলাতক রয়েছে। সিআইডি বলছে তাকে গ্রেফতারের জন্য কাজ করছে তারা।



