
টিপ নিয়ে রাজধানীর ফার্মগেটের ঘটনার পর পুলিশের পক্ষ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সিলেটে চাকরিরত লিয়াকত আলী নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার(০৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তাঁকে জেলার কোর্ট পরিদর্শক থেকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।
টিপ পড়ায় স্কুল শিক্ষককে পুলিশের মাধ্যমে নির্যাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের ঝড় উঠে। এরই মধ্যে সিলেটে কর্মরত পুলিশের কর্মকর্তা লিয়াকত আলী পুলিশের ঘটনাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট করলে তা নেট দুনিয়ায় পুণরায় সমালোচনার ঝড় উঠে।
এরই পরিপ্রেক্ষিতেই সিলেট পুলিশ তাকে প্রত্যাহার করেন এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি ঘোষনা করেন এবং তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শক লিয়াকত আলী বলেন, নারীরা মায়ের জাতি। আমার ঘরেও মা-বোন আছে। কিন্তু টিপ পড়ার ঘটনাটিতে পুরুষের টিপ পড়া নিয়ে আমি ফেসবুকে কথা বলেছি। পরবর্তীতে আমি যখন দেখলাম বিষয়টি সাধারণ মানুষ অন্যভাবে নিয়েছে তাৎক্ষণাত আমি পোষ্টটি ডিলিট করে দিয়েছি।
টিপ পরায় গত শনিবার পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে এ ঘটনার পক্ষ বিপক্ষে নানা ধরণের সমালোচনার তৈরী হয়।



