
ক্যাম্প থেকে পাচারের সময় কক্সবাজারের উখিয়ায় নারী ও শিশুসহ ৪৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে ছয় দালালকে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় উখিয়া উপজেলা সদরের সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের সামনে থেকে ওই রোহিঙ্গাদের উদ্ধার করা হয় এবং দালালদেরকে গ্রেপ্তার করা হয় বলে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার মোহাম্মদ ইউনুস ওরফে ফকিরের ছেলে মোহাম্মদ আলী জোহার (২৮), একই এলাকার মোহাম্মদ জালালের ছেলে ইমাম হোসেন (৩৫), জিয়াবুল হকের ছেলে মোহাম্মদ জোবায়ের (২০) ও মো. আয়ুব আলীর ছেলে মোহাম্মদ আয়াজ (১৯), পালংখালী ইউনিয়নের ভাদিতলা এলাকার মোহাম্মদ রুবেল (১৯), টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার ফজল আহমদ (৬৫)। ফজল ওই রোহিঙ্গাদের বহনকারী বাসের চালক ছিলেন।
ওসি বলেন, “পাচারের উদ্দেশে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে রোহিঙ্গাদের বহনকারী একটি বাস আসার খবর পেয়ে উখিয়া সদরের সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের সামনে পুলিশের একটি অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়। বাসটি পৌঁছালে সেখান থেকে ১৭ নারী, ২২ জন পুরুষ, ছয়জন মেয়ে শিশু ও তিনজন ছেলে শিশুকে উদ্ধার করা হয়। পাচারকাজে জড়িত সন্দেহে বাসটির চালকসহ ছয়জনকে আটকসহ বাসটি জব্দ করা হয়।
তিনি আরোও জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলাও দায়ের করেছে পুলিশ।
একটি সংঘবদ্ধ চক্র রোহিঙ্গাদের পাচারে জড়িত। তারা চাকরি, বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মী ও শ্রমিকের কাজসহ নানা প্রলোভন দিয়ে রোহিঙ্গাদের পাচার করছে। তারা নারীদের অনৈতিক কাজের জন্যও দালালদের হাতে তুলে দিচ্ছে বলে জানায় আইনশৃংখলা বাহিনী।।



